স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া জামায়াতকে মদদ না দিলে দেশে জঙ্গিবাদের উত্থান হতো না। কমিউনিটি ক্লিনিক ব্র্যান্ডিংয়ের অ্যাকটিভেশন ক্যাম্পেইন কর্মসূচি উপলক্ষে গতকাল শনিবার মাগুরা সদর হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গিদের কোনো সাধারণ ক্ষমা পাওয়ার বা আত্মসমর্পণের সুযোগ নেই। দেশের যে প্রান্তেই তারা লুকিয়ে থাকুক না কেন, খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রান্তিক জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।’ এ সময় মাগুরা সদর হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল কলেজ করা হবে বলে জানান তিনি।
আলোচনা সভার শুরুতে স্বাস্থ্যমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের ব্র্যান্ডিং লোগো উন্মোচন করেন। সিভিল সার্জন এফ বি এম আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও ব্র্যান্ডিং অব কমিউনিটি ক্লিনিক অ্যাকটিভিটিসের টিম লিডার সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার প্রমুখ।