জামায়াতকে রুখতে পুলিশ আলেমদের সহযোগিতা চাইল
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সহিংস কর্মকাণ্ড বন্ধের জন্য ইমাম ও আলেম সমাজের সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা চত্বরে আলেম সমাজ ও ইমামদের সঙ্গে মতবিনিময়ের সময় এসপি এই সহযোগিতা চান।সভায় উপজেলার ৫৯২টি মসজিদের ইমাম, মাদ্রাসার অধ্যক্ষ ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় পুলিশ সুপার বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত-শিবির ইসলামের নাম ব্যবহার করে দেশব্যাপী মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। তারা পুলিশ, সাধারণ মানুষ ও গণমাধ্যমের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। ইতিমধ্যে তারা অনেককে খুন করেছে। তাই সামাজিকভাবে জামায়াত-শিবিরকে বর্জন করতে হবে।’ এ জন্য তিনি ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিদের পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান।সভায় স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মহিউদ্দিন খান বলেন, ‘পুলিশ পাঞ্জাবি-টুপি পরা লোক দেখলেই জামায়াত মনে করে ধরপাকড় করে। এটি ঠিক না। আমরা জামায়াতকে পছন্দ করি না। ইসলামের নাম ব্যবহার করে জামায়াত দেশে অরাজকতা করছে। তাদের হাত থেকে এ দেশের সাধারণ মানুষ, পুলিশ, গণমাধ্যমের কর্মীসহ কেউ রেহাই পাচ্ছে না।’মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (এএসপি) উত্তম প্রসাদ পাঠক, মাওলানা আল আমিন, মীর মোবারক হোসেন প্রমুখ।