জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে: হানিফ
জামায়াতকে মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় গত সোমবার কেন সমাবেশ করতে দেওয়া হয়েছে, তা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে হানিফ এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্ন ছিল, একদিকে সরকার বলেছে জামায়াত-শিবির নামলে প্রতিহত করা হবে; অন্যদিকে পুলিশ মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় জামায়াত-শিবিরকে সমাবেশ করার অনুমতি দিল—এটা জামায়াতের সঙ্গে আপস বা সরকারের দ্বৈতনীতি কি না? এর জবাবে হানিফ বলেন, ‘জামায়াতের সঙ্গে আপস করার সুযোগ নেই। আমরা এটা বিশ্বাসও করি না। সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো আপস নেই।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন জামায়াত-শিবিরকে সমাবেশের অনুমতি দিয়েছে, তা তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায় নিয়ে ব্যস্ত ছিল বলে তারা কারণ জানাতে পারেনি।মতিঝিলে সমাবেশে জামায়াতের গৃহযুদ্ধের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জামায়াতের গৃহ হচ্ছে পাকিস্তান। সে দেশে গিয়ে গৃহযুদ্ধ করলে আপত্তি নেই। তবে বাংলাদেশে বসে এমন হুমকি বরদাশত করা হবে না।’খালেদার নিবন্ধের সমালোচনা: ১৪ দলের এই বৈঠকেওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার নিবন্ধ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পরে সংবাদ ব্রিফিংয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ১৪ দল মনে করে, খালেদা জিয়া এই নিবন্ধের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ অপরাধ করেছেন। প্রথমত, তিনি ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য একটি দেশকে ধন্যবাদ দিয়েছেন। এটিকে ৩০ লাখ শহীদের আত্মার সঙ্গে বেইমানি বলে চিহ্নিত করেছে ১৪ দল। কারণ, ওই দেশ স্বাধীনতার সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল। দ্বিতীয়ত, নিবন্ধে তৈরি পোশাকশিল্পে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) বাতিলের আবেদন করেন। তৃতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছেন এবং এর জন্য তাঁর বিচার হওয়া উচিত বলে মনে করে ১৪ দল।কর্মসূচি: সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে ১৪ দলের পূর্বঘোষিত গণপদযাত্রা কর্মসূচি ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে পরদিন ১৬ ফেব্রুয়ারি হবে। হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব থাকায় এ পরিবর্তন করা হয়েছে। ওইদিন বিকেল তিনটায় হেমায়েতপুর থেকে সাভার বাজার, টঙ্গী থেকে উত্তরা ও কাঁচপুর সেতু এলাকায় গণপদযাত্রা অনুষ্ঠিত হবে।এ ছাড়া ৭ ফেব্রুয়ারি সিলেটে, ৮ ফেব্রুয়ারি জয়পুরহাটে ও ৯ ফেব্রুয়ারি রংপুরে তিনটি জনসভা করবে ১৪ দল।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ১৪ দলের এ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক প্রমুখ।