জামায়াতকে সর্বত্র প্রতিরোধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা বলেছেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে বড় শত্রু। এদের ছোট করে দেখলে চলবে না। সর্বত্র প্রতিরোধ করতে হবে।জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডির ৩২ নম্বর সড়কের পাশে পৃথক দুটি সমাবেশে আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, সরকারের আচরণকে দুর্বলতা ভাবলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে। তিনি বিরোধী দলের হরতাল কর্মসূচির সমালোচনা করে বলেন, খালেদা জিয়ার ডাকা হরতাল ছিল যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য। আর এ কারণেই দেশের মানুষ এই অযৌক্তিক হরতাল প্রত্যাখ্যান করেছে।আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান, এইচ এম বদিউজ্জামান, গোলাম সারোয়ার কবির প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ: ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী বিষাক্ত সাপের মতোই গর্তে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই ছোবল মারে। হানিফ বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি মুখে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে প্রচার করে, আর বাস্তবে স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে আঁতাত করে। মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোল্লা মো. আবু কাওসার, পঙ্কজ দেবনাথ, ফরিদুর রহমান প্রমুখ।