জামায়াতকে সহিংসতার জন্য নিষিদ্ধ করা যেতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশজুড়ে সাম্প্রতিক সহিংস তৎপরতার কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি গতকাল রোববার রাজধানীতে সন্ত্রাসবিরোধী এক সেমিনারে প্রশ্নোত্তর পর্বে এ অভিমত দেন। তবে সরকার দলটিকে নিষিদ্ধ করবে কি না—একজন গণমাধ্যমকর্মীর এ প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দেননি মন্ত্রী। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ দমনের ঝুঁকিসংক্রান্ত এ সেমিনারের আয়োজন করে অস্ট্রেলিয়ার হাইকমিশন। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগ বার্টন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক সঞ্চালিত সেমিনারের শুরুতে বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। মুক্ত আলোচনার শুরুতে গ্রেগ উইলকক জানতে চান, ছোট ছোট গোষ্ঠী তাদের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য যেসব সন্ত্রাসী তৎপরতা চালায়, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটিকে কীভাবে মূল্যায়ন করা যায়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সংবিধান ও গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এর পাশাপাশি প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার দিতে হবে। কেউ যদি সংবিধান ও আইন লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি উদারমনস্ক ও সহনশীল সমাজে প্রত্যেককে সংবিধান ও তার মাধ্যমে স্বীকৃত আইন মেনে চলতে হবে। কারণ, জনগণের সামষ্টিক প্রয়োজনের বহিঃপ্রকাশ হলো আইন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সংবিধান ও আইনশৃঙ্খলা না মানে, তা হলে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ নাগরিকের জীবন, নির্বিঘ্নে চলাফেরা ও শান্তি নষ্ট করার কোনো অধিকার ওই ব্যক্তি বা গোষ্ঠীর নেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে বলেন, ‘লিংকন অন্য মার্কিন প্রেসিডেন্টের তুলনায় অনেক ব্যাপকসংখ্যক লোককে ফাঁসি দিয়েছিলেন। কিন্তু ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্র ও ক্রীতদাসদের রক্ষা করেছিলেন। কাজেই সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণে এবং একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে যদি কোনো জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হয়, আমাদের সেটা করতেই হবে। এ ছাড়া আমাদের কোনো উপায় নেই।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানের সঙ্গে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সাংঘর্ষিক। আপনি জামায়াতে ইসলামীর কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে সংবিধানের সপ্তম অনুচ্ছেদের উল্লেখ করতে চাই, যেখানে বলা হয়েছে, জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু জামায়াতের গঠনতন্ত্রে তা বলা হয়নি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমন অধ্যাদেশ ২০০৯-এর ৮, ১৭, ১৮ ও ১৯ ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো সংগঠন সন্ত্রাসী তৎপরতা চালায় কিংবা সন্ত্রাসবাদী তৎপরতায় অর্থায়ন করে কিংবা এ ধরনের সন্ত্রাসী তৎপরতায় কেউ সহায়তা করে, তাকে সরকার নিষিদ্ধ করতে পারে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ নাগরিকের অধিকারের প্রতি দলটির কোনো শ্রদ্ধা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত তিনটি সাধারণ নির্বাচনে তারা ৬ শতাংশ লোকের ভোট পেয়েছিল। তারা যদি অবশিষ্ট ৯৪ শতাংশ জনগণের ওপর নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সেটি করতে দেওয়া যায় না। হরতালে প্রাণহানি হলে দায় খালেদার: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা শেষে গতকাল সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আজকের অযৌক্তিক হরতালে কারও প্রাণহানি হলে তার দায়দায়িত্ব বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা হয়। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘১৯৭১ সাল থেকে এরা বাংলাদেশের জনসাধারণকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করে আসছে। এরা এখন জনহত্যায় লিপ্ত হয়েছে। কাজেই কালকে বা এর পরে কোনো সময় যদি বিশৃঙ্খলার কারণে কোনো মানুষের জীবন বিপন্ন হয়, তাহলে এর পুরো দায়িত্ব খালেদা জিয়া ও তাঁর দোসরদের নিতে হবে।’