জামায়াতকে 'বাদ' দিয়ে নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে এবার সাদা প্যানেলে জামায়াত-সমর্থিত কোনো শিক্ষককে রাখা হয়নি। কয়েক বছর ধরে সাদা প্যানেলের হয়ে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকেরা নির্বাচনে অংশ নিয়ে আসছেন। ২৪ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়েই সাদা ও হলুদ নামে পরিচিত দুটি প্যানেল থেকে শিক্ষকেরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এবার সমিতি কার্যকরী পরিষদের ১৫টি পদে নির্বাচন হবে।
বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সূত্রে জানা যায়, গত কয়েকটি নির্বাচনে তাঁরা একত্রিতভাবে সাদা প্যানেলে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কট্টর বিএনপিপন্থীরা আলাদাভাবে সোনালি প্যানেলে নির্বাচনে অংশ নিতেন। এবার এই দুই প্যানেল মিলে একটি প্যানেল দেওয়া হয়েছে, যেখানে জামায়াত-সমর্থিত কোনো প্রার্থী রাখা হয়নি।
শিক্ষকদের একটি সূত্র জানায়, এবার বিএনপি-জামায়াতের সমর্থক তিনটি দলের শিক্ষকেরা একত্রিত হয়ে একটি প্যানেল দিতে উদ্যোগী হন। কিন্তু কোষাধ্যক্ষ পদে জামায়াত-সমর্থক একজন শিক্ষককে রাখা নিয়ে দ্বন্দ্ব বাধে। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যায় শুধু বিএনপিপন্থী শিক্ষকেরা প্যানেল চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেন।
এবার সাদা প্যানেল থেকে সভাপতি হিসেবে আফরাউজ্জামান খান চৌধুরী, সহসভাপতি ইউনুস আহমদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমীরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল মাজেদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক হারুন-অর-রশীদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয়াবাদী শিক্ষক ফোরাম ও সাদা প্যানেলের সভাপতি আরফাউজ্জামান খান চৌধুরী বলেন, ‘জামায়াত-সমর্থক কোনো শিক্ষক এবার এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে তাঁরা (জামায়াতপন্থী শিক্ষক) আমাদের সঙ্গেই আছেন।’