জামায়াতবিরোধী মঞ্চ গঠনের ঘোষণা ওলামা-মাশায়েখদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর অপপ্রচার থেকে ধর্মপ্রাণ মুসলমানদের সচেতন করতে দেশের প্রতিটি মসজিদে জামায়াতবিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন ইসলামি দলের নেতারা। এ সময় তাঁরা কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ারও জোর দাবি জানান। গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এ ঘোষণা দেন। সারা দেশে জামায়াতের তাণ্ডব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে বিভিন্ন শ্রেণী-পেশার ও ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ মতবিনিময় সভা হয়।মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, আওয়ামী ওলামা লীগসহ দেশের বিশিষ্ট আলেম, ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদেরা অংশ নেন।বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব শায়খুল হাদিস মনিরুজ্জামান রাব্বানী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করার জন্য অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে জামায়াত। তাই ইসলামের সম্মান রক্ষার জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানদের যেকোনো মূল্যে জামায়াতের এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, জামায়াত মানবতাবিরোধী অপরাধীদের রক্ষার জন্য অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে। ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পুনর্বাসনের দাবি: গত কয়েক দিনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে দুষ্কৃতকারীদেরও শাস্তির দাবি জানিয়েছে।গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা থেকে এ দাবি জানানো হয়।সভায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো খতিয়ে দেখার জন্য ১৪ দল ও ঐক্যপরিষদের নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়কে কমিটির প্রধান করা হয়েছে। মতবিনিময় সভায় ঐক্যপরিষদের নেতাদের মধ্যে সুব্রত চৌধুরী, রানা দাসগুপ্ত এবং আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।সভার শুরুতে আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল জলিলের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।