সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজ হয়ে যাওয়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা উৎকণ্ঠায় আছেন। পঞ্চম সংশোধনী বাতিল হলে রাজনীতি করার অধিকার হারাবেন বলে আশঙ্কা তাঁদের। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বেশ কয়েকটি দল নিজেদের মধ্যে বৈঠক করেছে। দেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা গতকাল বিকেল থেকে কয়েক দফা বৈঠক করেছেন। দলের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা পর্যবেক্ষণে আছি। রায়ে কী আছে, দেখব। তারপর কী করা যায় ভাবব।’তবে গতকালের আদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় পরিমার্জন ও পর্যবেক্ষণ দেওয়ার কথা বলায় ধর্মভিত্তিক দলের নেতাদের মধ্যে কিছুটা আশার সঞ্চারও হয়েছে। আদালত কী পর্যবেক্ষণ দেন তা দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অনেকে। স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় স্বাধীনতাবিরোধীরা ‘মুসলিম বাংলা আন্দোলন’ নামে সংগঠন গড়ে তুলে এর মাধ্যমে কর্মসূচি পালন করেছিলেন। ওই আন্দোলনের নেপথ্যে ছিল জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক বিভিন্ন দল। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মকবুল আহমেদ বছর দুয়েক আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় জামায়াতের নেতা-কর্মীরা সিরাতুন্নবী মাহফিল, ইসলামি আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করতেন।ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে জানিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধের পর জাসদ করতেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার রাজনীতি করতে না দিলে করব না। তবে ইসলামি আন্দোলন কখনো বন্ধ থাকে না। দেখা যাক, কীভাবে করা যায়।’ ধর্মভিত্তিক অন্য দলগুলো নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করেছে বলে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোটের নেতারা জানিয়েছেন। খেলাফত মজলিসের একজন নেতা জানান, ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হলে জামায়াত ছাড়া অন্য দলগুলো একসঙ্গে যাতে আন্দোলন করতে পারে, সে বিষয়ে যোগাযোগ শুরু হয়েছে।গতকাল বিকেলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, আইম্মাহ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন রাব্বানীসহ কয়েকজন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে বৈঠক করেছেন। সূত্র জানায়, বৈঠকে জামায়াতের আমির বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। কেউ চাইলেই ইসলামি রাজনীতি বন্ধ হয়ে যাবে বলে তিনি মনে করেন না। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকও হয়েছে বিকেলে। দলের যুগ্ম মহাসচিব মাওলানা এ টি এম হেমায়েতউদ্দিন বলেন, ‘আদালত কী পর্যবেক্ষণ দেন, আমরা তা দেখতে চাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার শতকরা ৯০ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে ধর্মভিত্তিক দলগুলো তা প্রতিহত করবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। আজ (গতকাল) রাতে বৈঠকে বসতে পারি।’ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান বলেন, ‘আমাদের তো এখন দুর্দিন। সরকার যদি দয়া করে রাখে, তাহলে রাজনীতি থাকবে, না হলে থাকবে না।’