জামায়াতে ইসলামীর নিন্দা ও প্রতিবাদ
তিনবার জামিন পাওয়ার পরও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানসহ ১৮ নেতা-কর্মীকে নতুন মামলা দিয়ে আটক রাখার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল সোমবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ নিন্দা জানান। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম বলেন, মুজিবুর রহমানসহ জামায়াতের ১৮ জন নেতা-কর্মী এ পর্যন্ত তিনবার জামিন পান। তিনবারই নতুন মামলা দিয়ে তাঁদের আটক করে রাখা হয়েছে। এ থেকেই প্রমাণ হয়, দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছু নেই।অন্য এক বিবৃতিতে এ টি এম আজহারুল ইসলাম নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ১৪ জুলাই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জিটি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শংকর বিশ্বাস মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দাড়ি সম্পর্কে কটাক্ষ করেন এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গত শুক্রবার নরসিংদীর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘বোরকা পরা থেকে বাঁচতে হলে ছেলেমেয়েদের নাচ-গানের শিক্ষা দিন’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা চরম ধৃষ্টতা। বিজ্ঞপ্তি।