জামায়াতে ইসলামীর পরিচালনাধীন মাদ্রাসায় মুখোশধারীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় গতকাল শনিবার একটি ক্যাডেট মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় মাদ্রাসার শিক্ষকসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আটটি ককটেল উদ্ধার করেছে। মাদ্রাসাটি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা পরিচালনা করেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় ওই ক্যাডেট মাদ্রাসায় ২০-২৫ জনের মুখোশধারী দল অতর্কিতে হামলা চালায়। তারা মাদ্রাসার কার্যালয় ও চারটি শ্রেণীকক্ষের আসবাব ভাঙচুর করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মাদ্রাসার ছাদ, সিঁড়ি ও আশপাশ থেকে আটটি ককটেল উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিন, জহিরুল ইসলাম, প্রহরী মুখলেস ও মাঈনউদ্দিন আহত হন। আহত দুই শিক্ষককে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম হামলা, ভাঙচুর ও ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি। মাদ্রাসার অধ্যক্ষ ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ স্বীকার করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা জামায়াতের নেতা-কর্মী।