জামায়াতে কিছুটা স্বস্তি, এখনই মাঠে নামছে না
সরকারবিরোধী আন্দোলনে আপাতত কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামছে না জামায়াতে ইসলামী। ৫ জানুয়ারির নির্বাচনের পর বর্তমান পরিস্থিতিকে দলের জন্য কিছুটা ‘স্থিতিশীল’ ও ‘স্বস্তির’ বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। তাই এ স্থিতিশীল পরিবেশ নিজে থেকে নষ্ট করতে চায় না জামায়াত।
জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও মজলিসে শুরার দুজন সদস্য প্রথম আলোকে বলেন, শিগগিরই সরকারবিরোধী বড় ধরনের আন্দোলনে নামার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হয়নি। এবার একটু ধীরেসুস্থে এবং সতর্কতার সঙ্গে মাঠে নামার চিন্তা করছেন দলের নীতিনির্ধারকেরা। তবে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়সহ দলের শীর্ষস্থানীয় দুই নেতা মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় এবং এ ব্যাপারে সরকারের আচরণ দেখে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় নেতৃস্থানীয় সূত্রগুলো বলছে, এর আগে এক বছর ধরে আন্দোলন চলাকালে জামায়াতের নেতা-কর্মীদের ওপর সরকার ও প্রশাসনের যে আক্রমণাত্মক আচরণ ছিল, এখন তা খানিকটা কমেছে। এর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলও দলটিকে কিছুটা আত্মবিশ্বাসী করেছে।
সদ্যসমাপ্ত পাঁচ দফায় অনুষ্ঠিত ৪৫৯টি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত ৩৬ জন চেয়ারম্যান, ১৭৭ জন ভাইস চেয়ারম্যান ও ৩৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাঁচ বছর আগে ২০০৯ সালের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলটির ২৪ জন, ভাইস চেয়ারম্যান ২৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন নির্বাচিত হয়েছিলেন।
এবারের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলের মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী প্রকাশ্যে আসারও সুযোগ পেয়েছেন। এ অবস্থায় স্থিতিশীল পরিবেশ নষ্ট না করে বরং এ সময়টা সংগঠন গোছানোর কাজে লাগাতে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এরই মধ্যে গণজাগরণ মঞ্চের মধ্যে বিভক্তি, মারামারি ও মঞ্চের সঙ্গে সরকার ও ছাত্রলীগের সম্পর্কের টানাপোড়েনের ঘটনাও জামায়াতের জন্য কিছু স্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে এবং কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গত বছরের ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়। এর ফলে তখন রাজনৈতিকভাবে জামায়াত ব্যাপক চাপে পড়ে।
এ ছাড়া নতুন করে আন্দোলনে নামার ক্ষেত্রে জামায়াতের নেতৃত্বের মধ্যে কিছুটা দ্বিধা আছে বলে দলের দায়িত্বশীল সূত্রগুলো জানায়। এর কারণ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় নেতাদের বিচার ঠেকানোর লক্ষ্যে বিগত আন্দোলনের তিক্ত অভিজ্ঞতা। ওই আন্দোলনে সারা দেশে এত সংঘাত, সহিংসতা ও প্রাণহানির পরও যেখানে ‘একতরফা’ নির্বাচন ঠেকানো যায়নি, এ অবস্থায় আবার মাঠে নেমে সরকারকে কতটা চাপে ফেলা যাবে—সে হিসাব-নিকাশও করতে হচ্ছে।
তা ছাড়া ১৮-দলীয় জোটের প্রধান শরিক দল বিএনপি সাংগঠনিকভাবে অগোছালো এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। এ অবস্থায় বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী কার্যকর আন্দোলন গড়ে তোলা কতটা সম্ভব, তা-ও পর্যালোচনা করছে জামায়াত। তবে দলের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, সামনের আন্দোলনে বিএনপির অবস্থান ও ভূমিকা দেখে তারপর মাঠে সক্রিয় হওয়ার জন্য জামায়াতের মাঠপর্যায়ের নেতাদের একটা চাপ আছে।
জামায়াতের জেলা ও থানার আমির এবং ঢাকা মহানগরের ওয়ার্ড সভাপতি পর্যায়ের কয়েকজন নেতা জানান, দেশি-বিদেশি চাপ ও দলের অভ্যন্তরীণ স্বার্থেও জামায়াতকে এবার আন্দোলনে নামার ক্ষেত্রে সাবধানি হতে হচ্ছে। কারণ, বিগত আন্দোলনে দলীয় কর্মসূচিতে অনিয়ন্ত্রিত সহিংসতায় জামায়াতের নিজের লোকবলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য মামলা ও বিপুলসংখ্যক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এত কিছু করেও নির্বাচন যেমন ঠেকানো যায়নি, তেমনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলীয় নেতাদের বিচারও আটকানো যায়নি। বরং সহিংস আন্দোলনের কারণে ইউরোপীয় পার্লামেন্টসহ আন্তর্জাতিক মহল জামায়াতের ওপর প্রকাশ্যে অসন্তুষ্টি জানিয়েছে। এর রেশ ধরে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এসব বিবেচনায় নিয়ে এবার আন্দোলনে নামার ক্ষেত্রে জামায়াতকে অনেক সাবধানি হতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
তবে জামায়াতের মামলা-মোকদ্দমা পরিচালনার সঙ্গে যুক্ত দলের দুজন নেতা বলেন, হঠাৎ উদ্ভূত কোনো ঘটনায় চাপে পড়লে তখন সবার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে সরকার জামায়াতের দুই শীর্ষস্থানীয় নেতার বিচারের রায় দ্রুত সামনে আনার উদ্যোগ নিতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণার অপেক্ষায় আছে। আর দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বিচার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি চলছে। তা এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের জন্য করা মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
এসব বিষয়ে মন্তব্য জানতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল পাঁচজন নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কেউই উদ্ধৃত হয়ে দলের অবস্থান সম্পর্কে বক্তব্য দিতে রাজি হননি। এঁদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুজন সদস্য জানান, দলীয় বিষয়ে আপাতত গণমাধ্যমের সঙ্গে কথা না বলার জন্য উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, নেতাদের কারও বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজার রায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দেওয়ার বিষয়ে দলের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তবে দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায় বহাল থাকলে তার প্রতিক্রিয়া ভিন্নমাত্রায় হতে পারে।