জামায়াতে গণপদত্যাগ
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের তিন নেতাকে বহিষ্কারের প্রতিবাদে জামায়াতের ১৮ নেতা পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাড়িদহ ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য স্থানীয় সদস্যদের মতামতে প্রায় দুই বছর আগে আনিসুর রহমানের নাম চূড়ান্ত করা হয়। কিন্তু সম্প্রতি উপজেলা ও জেলা জামায়াতের নেতারা ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আবদুস সাত্তারের নাম ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে জেলা জামায়াত গাড়িদহ ইউনিয়নের তিন নেতা তবিবুর রহমান, মাহমুদুল হাসান ও আনিসুর রহমানকে বহিষ্কার করে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা একযোগে দল থেকে পদত্যাগ করেন।চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান জানান, স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতিকে ধ্বংস ও কলঙ্কিত করার জন্য উপজেলা ও জেলা জামায়াতের কতিপয় নেতা তৎপর। যার প্রতিবাদে ১৮ জন নেতার পদত্যাগের ঘটনা ঘটল।এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবর রহমান বলেন, বাস্তবতার কারণে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তিনি দাবি করেন, গঠনতন্ত্র মেনেই ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।