জামায়াতে স্বপ্নভঙ্গ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে জামায়াতের কারণে উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পরাজয় হয়েছে বলে বিএনপির নেতারা মনে করছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতারা ভবিষ্যতে জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করবেন না বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি বদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হয়। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী সাখাওয়াৎ হোসেন ভোট পেয়েছেন ২৬ হাজার ৪২২। একই পদে জামায়াত-সমর্থিত প্রার্থী বায়েজিদ ওসমানি পেয়েছেন ১৬ হাজার ১১০ ভোট। আর ৩৯ হাজার ৬৬১ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফজলে রাব্বী।
ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর প্রাপ্ত মোট ভোট ৪২ হাজার ৫৩২। বিএনপি ও জামায়াতের একক প্রার্থী থাকলে বিজয় সুনিশ্চিত ছিল।
স্থানীয় ভোটার ও নেতারা বলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে গত সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ। তা ছাড়া সরকার পরিচালনায় আওয়ামী লীগের বিভিন্ন ব্যর্থতাকে স্থানীয় উপজেলা নির্বাচনে কাজে লাগানোর সুযোগ ছিল বিএনপির হাতে। কিন্তু জামায়াতের কারণে বিএনপির সেই স্বপ্ন ভেঙে গেছে।
উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, নির্বাচনের আগে জোটের বৈঠকে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেনকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সে সময় জামায়াতের নেতারাও তাঁকে সমর্থন দেন। কিন্তু মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জামায়াতের সমর্থন নিয়ে মনোনয়ন জমা দেন জামায়াতের নেতা বায়েজিদ ওসমানি। এরপর অনেকবার যোগাযোগ করা হলেও জামায়াত তাদের সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
পৌর বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনের আগের দিন থেকে জামায়াতের নেতারা প্রচার করেন, কেন্দ্রীয় নির্দেশে বিএনপির প্রার্থী সাখাওয়াৎ হোসেন জামায়াতের সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এ গুজবে ক্ষুব্ধ হয়ে অনেকে বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দেননি।
সাজ্জাদ হোসেন আরও বলেন, বিএনপির প্রার্থীকে সাধারণ মানুষ হারায়নি। হারিয়েছে জামায়াত।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল হান্নান খান বলেন, জামায়াত-বিএনপি দুই ভাই। ভাইয়ে ভাইয়ে কোন্দল হলেও তা মিটে যাবে।