জামায়াতের আটক কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন এলাকায় গত মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়েছে। ওই ঘটনায় আটক জামায়াতের ১৮ কর্মীকে এ দুই মামলায় আসামি করা হয়েছে।পল্টন থানা সূত্র জানায়, এ দুই মামলার মধ্যে পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতের কর্মী সুলায়মান, বাবু, মকবুল হোসেন, মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন, সিরাজুল ইসলাম, সালেহীন ও তানভীরকে আসামি করা হয়। সড়কে প্রতিবন্ধকতা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে করা অপর মামলায় আসামি করা হয়েছে জামায়াতের আটক অপর ১০ কর্মীকে। থানার দুই উপপরিদর্শক (এসআই) মঙ্গলবার মামলা দুটি করেন। এরপর ওই ১৮ জনকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, এ দুইমামলায় ১৮ জনের প্রত্যেককে পাঁচ দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। তিনি জানান, জামায়াত-শিবিরের হামলায় আহত ১২ পুলিশ সদস্যকে মঙ্গলবার রাতে রাজারবাগ হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।আদালত প্রতিবেদক জানান, শুনানি শেষে আদালত পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার আটজনের প্রত্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত দ্রুত বিচার আইনে গ্রেপ্তার ১০ জনের রিমান্ড আবেদনের শুনানির দিন ১১ এপ্রিল ধার্য করে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৯ এপ্রিল সারা দেশে বিক্ষোভ: ৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদসহ গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে এই কর্মসূচি দিয়েছে দলটি।গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি নূরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।মঙ্গলবার পল্টনে জামায়াতের নেতা-কর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, এ অভিযোগ করে আজহারুল ইসলাম বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্যই বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু এভাবে জনতার আন্দোলন কখনো ঠেকানো যায় না।হরতালে কোরআন শরিফ নিয়ে রাস্তায় নামা ঠিক কি না, এমন প্রশ্নের জবাবে আজহারুল ইসলাম বলেন, ‘এটি অন্য দলের কর্মসূচি। তাদের জিজ্ঞাসা করুন।’ নারীনীতির বিরোধিতা করছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘নারীনীতি নয়, আমরা এর কয়েকটি ধারার বিরুদ্ধে।’