জামায়াতের আমির গ্রেপ্তার, নরসিংদীতে সোমবার হরতাল
পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জামায়াতের নরসিংদী জেলা আমির আ ফ ম আবদুস সাত্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার শহরের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও আবদুস সাত্তারের মুক্তির দাবিতে নরসিংদীতে আগামী সোমবার হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।সদর মডেল থানা সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে গত ১ মার্চ জামায়াতের পাঁচ শতাধিক কর্মী লাঠিসোঁটাসহ মিছিল করে শহরে ঢোকার চেষ্টা চালান। মিছিলটি ঘোড়াদিয়া শাকুরঘাট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ইটপাটকেলের আঘাতে পুলিশের পরিদর্শক আজিজুর রহমান মিয়াসহ ১০ জন সদস্য আহত হন। এ ঘটনায় সদর মডেল থানার এসআই আশরাফুল হক মামলা করেন। ওই মামলায় আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।গতকাল রাতে জেলা জামায়াতের প্রচার সম্পাদক শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আ ফ ম আবদুস সাত্তারকে কাল রোববারের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ও এইচএসসি পরীক্ষাকেন্দ্র এলাকা হরতালের আওতামুক্ত থাকবে কি না, এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ আবদুল মালেক।