জামায়াতের আমির মকবুলসহ আটজনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আটজনের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।

গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় আজ তাঁদের আদালতে হাজির করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মামলা দুটি করা হয়।

গ্রেপ্তার বাকি সাতজন হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।

দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া প্রথম আলোকে বলেন, এই আটজনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত জানুয়ারি মাসে জামায়াতের শপথধারী সদস্যদের ভোটে মকবুল আহমাদ আমির ও শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।