জামায়াতের আমিরসহ ১৪ জনকে জড়িয়ে জবানবন্দি
সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রতিনিধি আবু রায়হান হত্যা মামলায় পুলিশ গত মঙ্গলবার রাতে ইব্রাহিম হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি ঘটনার সঙ্গে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান মুকুলসহ ১৪ জন জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।
গত ২১ নভেম্বর রাতে উপজেলার পারুলিয়া বাজারে জামায়াত-শিবিরের কর্মীরা আবু রায়হানকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার দুই দিন পর তাঁর মা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছিলেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক কুমার বিশ্বাস জানান, উত্তর পারুলিয়া গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম হোসেন একজন শিবির কর্মী। তিনি আবু রায়হানকে হত্যা এবং ১২ ডিসেম্বর রাতে পারুলিয়া সেন্ট্রাল ফ্যাশন বস্ত্রালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত। জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গতকাল তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১৪ জনের নাম উল্লেখ করেন।
ওসি আরও জানান, একটি কাভার্ড ভ্যান ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যার পর যৌথ বাহিনী ইব্রাহিমকে পারুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম রেজাউল করিম তাঁকে এ অভিযোগে দুই বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন।
ইব্রাহিমকে শিবির কর্মী বলে পুলিশের দাবি ও ওই জবানবন্দির ব্যাপারে জানতে উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে নাশকতা ঘটানোর চেষ্টার অভিযোগে একই উপজেলার সখীপুর এলাকার আবুল কালামকে (২৫) যৌথ বাহিনী গতকাল দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা থেকে গ্রেপ্তার করে। পরে একই ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছর বিনা শ্রম কারাদণ্ড দেন। দুজনকে পরে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।