জামায়াতের আমিরের পত্রিকায় আ.লীগ সাংসদের অনুদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমিরের মালিকানাধীন জীবন কথা পত্রিকায় অনুদান দিয়েছেন সাংসদ ও জেলা আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক খোন্দকার। অনুদানের ২০ হাজার টাকা গত রোববার পত্রিকার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা।জীবন কথার প্রকাশক জেলা জামায়াতের আমির আবদুর রহীম এবং ভারপ্রাপ্ত সম্পাদক জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এ এস এম আবদুল্লাহ।পত্রিকাটির হিসাব ব্যবস্থাপক মাহাতাব উদ্দিন জানান, পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার পত্রিকার জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। তাঁর ব্যক্তিগত সহকারী ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী, অর্থবিষয়ক সম্পাদক হীরক, সদর থানা ছাত্রলীগের নেতা বাবু ও ফিরোজ খান ওই অর্থ পৌঁছে দেন। সম্পাদকের পক্ষে তিনি এ অর্থ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের কমান্ডার হাবিবুর রহমান বলেন, জীবন কথা একটি মুক্তিযুদ্ধবিরোধী পত্রিকা। এমন একটি পত্রিকাকে মুক্তিযুদ্ধের পক্ষের একজন সাংসদের অনুদান দেওয়াটা নিন্দনীয়।জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক বলেন, যাঁরা সাংসদের পক্ষে অনুদান দিয়েছেন, তাঁরা জানতেন না পত্রিকাটি জামায়াতনিয়ন্ত্রিত। ভুলবশত কাজটি হয়েছে। এ বিষয়ে সাংসদ গোলাম ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সাংসদের ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের নেতা শেখ রাসেল আলী বলেন, ‘সাংসদ দেশের বাইরে আছেন। পাবনার স্থানীয় পত্রিকাগুলোর আর্থিক অবস্থা খুব খারাপ। পর্যায়ক্রমে এখানকার সব পত্রিকাকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে বহুল প্রচারিত পাঁচটি পত্রিকাকে অনুদান দেওয়া হয়েছে। জীবন কথাও তার মধ্যে একটি। তবে এটি যে জামায়াতনিয়ন্ত্রিত, তা আমাদের জানা ছিল না।’ অনুদানপ্রাপ্ত বাকি চারটি পত্রিকার নাম সাংসদের ব্যক্তিগত সহকারী প্রকাশ করেননি।