জামায়াতের আরও ১২৬ নেতা-কর্মী রিমান্ডে
দ্রুত বিচারসহ পল্টন থানায় দায়ের করা দুটি মামলায় জামায়াতের ১২৬ জন নেতা-কর্মীকে গতকাল শুক্রবার কারাগার থেকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি ৫৭ জনকে পর্যায়ক্রমে পল্টন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।গত মঙ্গলবার রমনা ও পল্টন থানার চারটি মামলায় ১৮৩ জনের ১৯ দিনের রিমান্ড হয়। কিন্তু ওই দিন তাঁদের থানায় না নেওয়ায় আদালত সবাইকে কারাগারে পাঠিয়ে দেন। তাঁদের মধ্যে রমনা থানার পুলিশ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ৭১ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার জামায়াতের ১৮৩ জনের রিমান্ড মঞ্জুর হলেও হরতালসহ রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় ওই দিন তাঁদের আনা যায়নি। গতকাল বিকেলে কারাগার থেকে জামায়াতের ১২৬ জন নেতা-কর্মীকে ১০ দিনের রিমান্ডে আনা হয়। পর্যায়ক্রমে বাকি ৫৭ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা রমনা থানায় রিমান্ডে থাকায় তাঁদের আনা যায়নি। ওসি জানান, রমনা থানার রিমান্ডে থাকা জামায়াতের কর্মীরা পল্টন থানার মামলারও আসামি। রমনা থানায় রিমান্ড শেষে তাঁদের পল্টন থানার মামলায় রিমান্ডে আনা হবে। গত সোমবার রাতে গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টাসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগে জামায়াতের ১২ কেন্দ্রীয় নেতাসহ দুই থেকে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর রমনা ও পল্টন থানায় নয়টি মামলা করা হয়।গ্রেপ্তার ১৫ জন কারাগারে: গত বৃহস্পতিবার বিএনপির ডাকা হরতাল চলাকালে পিকেটিং ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ১৫ জনকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শাহবাগ, পল্টন, মতিঝিল, রমনা ও খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ১৫ জনকে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।