জামায়াতের আরও ৩ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গতকাল সোমবার ভোরে জামায়াতে ইসলামীর আরও তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক তিনজন হলেন সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (চর চরিতাপাড়া) জামায়াতের সভাপতি আলা উদ্দিন (৫০), একই ওয়ার্ডের সাবেক সভাপতি রফাত উদ্দিন (৪৫) ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামের জামায়াতের কর্মী আল আমিন (৪২)।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান গতকাল সন্ধ্যায় বলেন, আটক তিনজনকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এদিকে গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তারপরও ঘটনার পর থেকে জামায়াত-শিবিরের প্রায় ৫০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আবদুল করিম আরও অভিযোগ করেন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলামকে দিনাজপুর শহর থেকে ১০ জানুয়ারি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তবে গতকাল পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।