জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত ও জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ এবং জামায়াতে ইসলামীসহ মৌলবাদী গোষ্ঠীর আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাজেয়াপ্ত ও রাষ্ট্রায়ত্ত করার দাবি তুলেছেন বিভিন্ন রাজনীতিক, অর্থনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।গতকাল শনিবার ‘সাম্প্রতিক ঘটনাবলি কি বাংলাদেশকে নিকট অতীতের আফগানিস্তানের দিকে ঠেলে দিচ্ছে?’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করার বিষয়ে দুই বছর আগেই সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাব রাখা হয়েছিল। এ নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি সরকার। তিনি বলেন, ‘জামায়াত বিএনপিকে সাক্ষাৎ সঙ্গী বানিয়ে ফেলেছে। বিএনপিকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। তাদের চলমান আন্দোলন নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন নয়। এটি হলে তারা সংসদে গিয়ে প্রস্তাব করতে পারত।’জনতা ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, অর্থনীতিতে দুবৃত্তায়ন হলে রাজনীতিতে দুবৃত্তায়ন শুরু হয়। যার ফলে দেশের অর্থনীতি মৌলবাদীদের হাতে। তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে ‘মৌলবাদীদের মদদপুষ্ট’ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাজেয়াপ্ত করে তা জাতীয়করণ এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান।অবশ্য কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সরকার চাইলেও মৌলবাদী গোষ্ঠীর এসব প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করতে পারবে না। তবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বা এ ধরনের কোনো সংগঠন করে তাদের কাছে এসব প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তর করা যেতে পারে। তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতির উৎখাত ছাড়া কোনো মৌলিক সংস্কার সম্ভব নয়।প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, সরকারের অক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে অপদার্থতা। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতাবিরোধীদের যথেষ্ট সুযোগ দিয়ে চলেছেন।বিএনপি-জামায়াত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র ধরে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় বলেন, গৃহযুদ্ধ কড়া নাড়ছে। যেকোনো সময় ঘরে ঢুকে পড়বে। প্রয়োজনীয় সতর্কতা নিয়ে দেশবাসীকে ঐকবদ্ধ করার আহ্বান জানান তিনি।আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন। ধারণাপত্র পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন।