জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানে হামলা শুরু হলে পালাবার পথ পাবে না: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ‘প্রতিরোধ দিবসের’ সমাবেশে সিপিবির নেতারা বলেন, জামায়াতে ইসলামী অন্তর্ঘাত ও সশস্ত্র রাজনীতির ভয়ংকর পথে যাত্রা শুরু করেছে। জামায়াত-শিবির কাচের দুর্গে বাস করে জনগণের দিকে ঢিল ছুড়ছে। জনগণ যদি জামায়াতের ব্যাংক-বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলা শুরু করে, তাহলে তারা পালাবার পথ খুঁজে পাবে না।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে দলটির উপদেষ্টা মনজুরুল আহসান খান স্বাধীনতাবিরোধী জামায়াত ও অন্যান্য প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে জামায়াতসহ জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, উগ্র জাতীয়তাবাদী ও বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলোকে কাজে লাগাচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহসান হাবিব, আবদুল মালেক, এস এম শুভ প্রমুখ।