জামায়াতের ইন্ধনে ধর্মঘট!
মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে বগুড়া দর্জি শ্রমিক ইউনিয়নের সঙ্গে টেইলার্স মালিকদের সমঝোতা না হওয়ায় দর্জি শ্রমিক ইউনিয়ন এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে। গতকাল রোববার থেকে টেইলার্স মালিকেরা তাঁদের দোকান বন্ধ করে দিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জামায়াতের ইন্ধনে এই আন্দোলন চলছে বলে অভিযোগ উঠেছে।জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন জানান, দর্জিমালিকেরা ক্রেতাদের কাছ থেকে অনেক টাকা নিলেও সেই হিসাবে মজুরি দেন না। মজুরিসহ নয় দফা দাবি নিয়ে মালিকদের কাছে গেলে তাঁরা বিষয়টি আমলে নেননি। তাই তাঁরা বাধ্য হয়ে ২১ জুলাই থেকে ধর্মঘট করে আসছেন। বগুড়া শহরে জামায়াতে ইসলামীর ইন্ধনে মজুরি বৃদ্ধির দাবিতে দর্জি শ্রমিক ইউনিয়নের আন্দোলন চলছে—এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতের এবং এর উপদেষ্টারা সবাই জামায়াতের নেতা। তবে এই আন্দোলনের সঙ্গে তাঁরা জড়িত নন। ১ আগস্ট দর্জিমালিকেরা বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ৭ আগস্টের মধ্যে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মালিকপক্ষ শহরের আড়াই শ টেইলার্স বন্ধ করে দিতে বাধ্য হবে। শ্রমিকেরা নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগদান না করায় গতকাল রোববার থেকে দর্জিমালিকেরা তাঁদের দোকান বন্ধ করে দিয়েছেন। জেলা দর্জি মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। ওই সংগঠনের অন্তর্ভুক্ত জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন। প্রতিবছরই ঈদের আগে মজুরি বৃদ্ধির দাবিতে দর্জি শ্রমিক সংগঠন আন্দোলনে নামে। এতে জিম্মি হয়ে পড়ে আড়াই শ টেইলার্স মালিক এবং পোশাক তৈরি করতে আসা সাধারণ জনগণ। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে কাপড় ব্যবসায়ীদের ওপরও। জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন। তবে শ্রমিকদের সিদ্ধান্ত শ্রমিকেরা নিজেরাই নিয়েছেন। তিনি স্বীকার করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে সব সময় জেলা জামায়াতের সিনিয়র নেতারা থাকেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা দর্জি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা। কিন্তু আন্দোলনে জামায়াতের কোনো ইন্ধন নেই।