জামায়াতের ইফতারে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতারে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ ডানপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। গতকাল ঢাকার শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত এই ইফতারে জামায়াতের সাবেক আমির গোলাম আযমও যোগ দেন।ইফতারের আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। এর আগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম তাঁর দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদকে দেখিয়ে বলেন, ‘ম্যাডাম আপনার এলাকার লোক আমাদের আমির।’ খালেদা জিয়া তখন হেসে বলেন, ‘নোয়াখালীকে আর বাদ দেওয়া গেল না।’ পরে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া।ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার বাম পাশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ডান পাশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। মকবুল আহমাদের ডান পাশে বসেন গোলাম আযম।অন্যান্যের মধ্যে জামায়াতের দুই সাংসদ হামিদুর রহমান আযাদ ও আ ন ম শামসুল ইসলাম এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, আবদুর রাজ্জাক, আবদুস সুবহান, নাজির আহমেদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, শফিকুর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, সাবেক স্পিকার ও বিএনপির নেতা জমিরউদ্দিন সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী, বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন, রেহানা আখতার, সৈয়দা আশিফা আশরাফী, নিলোফার চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমান, খেলাফত মজলিসের সভাপতি মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জমিয়তে ওলামায়ে ইসলামীর নির্বাহী সভাপতি মুহিউদ্দিন খান প্রমুখ ইফতারে অংশ নেন।