জামায়াতের কম্বলে মুক্তিযোদ্ধাদের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর দেওয়া কম্বল গতকাল বুধবার পুড়িয়ে ফেলেছেন মুক্তিযোদ্ধারা।ছাতিয়ানগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আজিজার রহমান জানান, গত ১৬ ডিসেম্বর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাজী তাছিরউদ্দিন কলেজে এক অনুষ্ঠানে ইউনিয়নের পাঁচজন মুক্তিযোদ্ধাকে কম্বল দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড জামায়াতে ইসলামীর দেওয়া কম্বলগুলো আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।কম্বল পোড়ানো উপলক্ষে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড বুধবার দুপুরে ছাতিয়ানগ্রাম স্কুলচত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল হামিদ তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজমল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, এল কে আবুল হোসেন, মহসীন আলী, নজরুল ইসলাম, আবুল কাশেম, হাফিজার রহমান, লোকমান আলী প্রমুখ।সমাবেশে মুক্তিযোদ্ধারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। পরে জামায়াতের দেওয়া কম্বলগুলো মুক্তিযোদ্ধারা পুড়িয়ে ফেলেন।মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন ও আনসার আলী বলেন, ‘১৬ ডিসেম্বর যখন আমাদের কম্বলগুলো দেওয়া হয় তখন আমরা জানতাম না যে এগুলো জামায়াতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। পরে জানতে পেরে কম্বলগুলো ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজার রহমানের কাছে জমা দিই।’