জামায়াতের কর্মী গুলিবিদ্ধ অভিযোগ পুলিশের বিরুদ্ধে
সাতক্ষীরায় রবিউল ইসলাম (৪৮) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও হাজীপুর গ্রামের কওছার গাজীর ছেলে।
পুলিশের দাবি, সংঘর্ষে রবিউল গুলিবিদ্ধ হয়েছেন। রবিউল সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন হত্যা-প্রচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও ১০টি মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল বেলা পৌনে ১২টার দিকে
জামায়াতের কর্মী রবিউল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী হাজীপুর খালপাড়ে জড়ো হয়েছেন।
তাঁরা নাশকতা সৃষ্টি করতে পারেন—এ খবরের ভিত্তিতে দুপুর ১২টার দিকে তাঁর নেতৃত্বে পুলিশের ২০-২৫ জন সদস্য ওই এলাকায় যান। ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটান।
এ সময় পুলিশ তাঁদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রবিউলকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রবিউল ইসলাম জানান, হাজীপুর এলাকা থেকে ধরে এনে পুলিশ তাঁর ডান হাঁটুতে গুলি করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইলিকা ঘোষ জানান, রবিউল ইসলামের ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে চারটি গুলি বের করা হয়েছে। তিনি সুস্থ আছেন। অস্ত্রোপচারের পর পুলিশ তাঁকে নিয়ে চলে গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সাংবাদিক ইয়ারব হোসেনের ওপর হামলা, বিআরটিসির যাত্রীবাহী বাস ভাঙচুর, সরকারি গাছ কাটা, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। থানা থেকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
গত বছরের ৩০ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন সাতক্ষীরা শহরে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পথে দেবনগর এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর ডান পা ও ডান হাত ভেঙে দেন।