জামায়াতের কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত
জামায়াতের কর্মীদের অতর্কিত হামলায় গতকাল বুধবার বিকেলে রাজধানীর মালিবাগে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল (৩৫) ও কনস্টেবল মতিউর রহমানকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা মালিবাগ রেলগেট হঠাৎ অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা যানবাহন ভাঙচুর চালায়। পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে এসআই ইব্রাহিম খলিল ও কনস্টেবল মতিউর আহত হন। আধ ঘণ্টা ধরে এ অবস্থা চলার পর আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের এক নেতাকে আটক করেছে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই জামায়াতের নেতা-কর্মীরা আকস্মিক মিছিল বের করে ভাঙচুর চালায়। জামায়াতের দুই শতাধিক নেতা-কর্মী স্কুলব্যাগে ইটের বড় বড় টুকরো নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। হামলাকারীদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।