জামায়াতের কাছে হার আ.লীগ-বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থীর কাছে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত এবং ‘বিদ্রোহী’ চার প্রার্থী পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীর তিনজনই উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান।
গত শনিবার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান ৫৬ হাজার ৬৭২টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আজাদুল ইসলাম পেয়েছেন ৪৭ হাজার ৫৪৫ ভোট। একই পদে বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান পান পাঁচ হাজার ১১৮ ভোট। একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ ১৮ হাজার ৭৩ ভোট পান। লিয়াকত আলীও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া অপর ‘বিদ্রোহী’ প্রার্থী ছাত্রদলের সাবেক নেতা এজাজুল হক পান ৭৫ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজাদুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে দলের জ্যেষ্ঠ নেতাদের সন্তুষ্ট করতে পারেননি। এ ছাড়া কোন্দলের পাশাপাশি নির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ছিল চরম সমন্বয়হীনতা। দলের একক প্রার্থী থাকায় কর্মী-সমর্থকেরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। এই আত্মবিশ্বাসই বড় ক্ষতি করেছে।’
মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সেভাবে টিমওয়ার্ক হয়নি। বিএনপির তিনজন চেয়ারম্যান প্রার্থী থাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের লোকজন ফুরফুরে মেজাজে ছিলেন। এই সুযোগে আওয়ামী লীগ প্রার্থীকে হারতে হয়েছে জামায়াতের প্রার্থীর কাছে।’
ওয়ার্কার্স পার্টির ওই নেতার বক্তব্যকে সমর্থন করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, ‘দলীয় একাধিক প্রার্থী থাকায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা রাগে-ক্ষোভে জামায়াত-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন।’
উপজেলা যুবদলের সভাপতি মোকারম হোসেন দাবি করেন, এবারের নির্বাচনে লিয়াকত আলী শাহর জয়লাভের শতভাগ সম্ভাবনা ছিল। কিন্তু ১৩ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তায় ফজলুর রহমানকে দলের সমর্থিত প্রার্থী ঘোষণা করায় সাজানো মাঠ তছনছ হয়ে যায়। কষ্টের ফসল চলে যায় জামায়াতের ঘরে।
উপজেলা জামায়াতের আমির নায়েব আলী বলেন, দেশজুড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ওপর সরকারের ‘জুলুম-নির্যাতন’র প্রভাব পড়েছে এই নির্বাচনে। হাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে আজিজুর রহমানের সুখ্যাতি রয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাঁকে যোগ্য বিবেচনা করে ভোট দিয়েছে।