জামায়াতের কার্যালয়ে ফের পুলিশি তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে তারা সেখানে গিয়েছিল। তবে অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। সেখান থেকে কিছু নথিপত্র ও বই জব্দ করেছে পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে পুলিশের একটি দল বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করে বিভিন্ন কক্ষ তল্লাশি করে। রাত আটটা ১০ মিনিটের দিকে পুলিশের দলটি সেখান থেকে বেরিয়ে যায়।যাওয়ার সময় পুলিশ জামায়াতের দলীয় প্রকাশনার কিছু বই, জামায়াতের গঠনতন্ত্র, মাওলানা মওদুদীর লেখা ইসলাম পরিচিতিসহ অর্ধশত পুস্তিকা, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে পত্রিকার কাটিং ও আইনজীবীদের একটি তালিকা নিয়ে গেছে। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম অভিযান চলাকালে নিজেদের কক্ষে ছিলেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই অভিযান চালিয়েছে। পরোয়ানাভুক্ত একজন আসামিকে ধরতেই তারা সেখানে যায়। তবে কেউ গ্রেপ্তার হননি। জানতে চাইলে শিবলী নোমান ওই আসামির নাম বলতে রাজি হননি।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গতকালসহ মোট চারবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালাল পুলিশ। এ ছাড়া ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে আরও তিনবার তল্লাশি চালায় পুলিশ। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, পুলিশ কী উদ্দেশ্যে তল্লাশি চালিয়েছে, তা জানায়নি।