জামায়াতের কার্যালয়ে ভাঙচুর
রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে বিক্ষুব্ধ লোকজন পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে ভাঙচুর ও কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীব হত্যার প্রতিবাদে সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ প্রায় ৫০ জন লোক মিছিল বের করে। তারা বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় জামায়াতের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাব ভাঙচুর করে এবং কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়।এ ছাড়া রাজীব হত্যার প্রতিবাদ, সব যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে দুপুরে পৌর শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ, মিছিল ও সমাবেশ করেছেন। জামায়াতের কার্যালয়ে ভাঙচুর ও কাগজপত্রে অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।