জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একজন আসামিকে গ্রেপ্তার করতে তারা সেখানে গিয়েছিল। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কার্যালয়ের প্রতিটি কক্ষ তল্লাশি শেষে পুলিশ ফিরে যায়।গতকাল সোমবার দুপুরে পুলিশের এই অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নুরুল ইসলাম, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামানের নেতৃত্বে সাতটি গাড়িভর্তি পুলিশ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় র্যাব-৩-এর সদস্যরা কার্যালয়ের বাইরে ছিলেন।কার খোঁজে এসেছিলেন—সাংবাদিকেরা জানতে চাইলে নুরুল ইসলাম শুধু বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে অপরাধীকে ধরতে এসেছি। সাধারণ কাউকে গ্রেপ্তার করতে আসিনি। তবে অপরাধীকে পাওয়া যায়নি।’ তিনি অপরাধীর নাম বলেননি।জামায়াতের নেতারা বলছেন, দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ্ মো. তাহেরকে ধরতেই পুলিশ দলের কার্যালয়ে এসেছিল। তাহের উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।এই অভিযানকে কেন্দ্র করে জামায়াতের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দলের উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের পাঁচজন শীর্ষস্থানীয় নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে—এমন একটি ধারণা দলের কর্মী-সমর্থকদের মধ্যে আছে। এ কারণেই মূলত তাঁরা উদ্বিগ্ন ছিলেন বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।তল্লাশি চলাকালে জামায়াতের নেতারা অবশ্য কার্যালয়ে ছিলেন না। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ পাশের চান জামে মসজিদে নামাজ পড়ছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামও কার্যালয়ে ছিলেন না।অভিযানের সময় পুলিশ জামায়াতের কার্যালয়ের প্রধান ফটকে নিরাপত্তা ডেস্কের টেলিফোন এবং পরে অভ্যর্থনাকক্ষের পিএবিএক্স টেলিফোন লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। দুপুর দুইটা পর্যন্ত তারা চারতলা ভবনের সব কটি কক্ষ তল্লাশি করে। এ সময় জামায়াতের কার্যালয় প্রায় ফাঁকা ছিল।জোহরের নামাজ শেষে মকবুল আহমাদ বাসায় ফেরার জন্য গাড়িতে উঠলে পুলিশ তাঁর গতি রোধ করে কিছু সময় আটকে রাখে।জামায়াতের নিন্দা: বিকেলে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম পুলিশের এই তল্লাশির নিন্দা জানান। তিনি বলেন, সরকার দুরভিসন্ধিমূলকভাবে গত কয়েক মাসে পুলিশ দিয়ে জামায়াতের কার্যালয়ে তিনবার তল্লাশি চালিয়েছে। জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করাসহ কোনো হীন উদ্দেশ্যে বারবার এই তল্লাশি চালানো হচ্ছে।