জামায়াতের কেন্দ্রীয় দুই নেতাসহ ১৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আজিজুর রহমান ও আবদুর রশিদসহ নয় নেতা-কর্মীকে অস্ত্র ও বিস্ফোরকসহ যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।
জামায়াতের নেতারা বলছেন, তাঁদের যশোর জেনারেল হাসপাতালের প্রধান ফটক থেকে আটক করা হয়। পরে অস্ত্র দিয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলা থেকে জামায়াত ও শিবিরের আরও ছয়জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে আটক করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের সময় তাঁদের কাছ থেকে পাঁচটি বোমা, আটটি রামদা ও বোমা তৈরির সরঞ্জাম (জালের কাঠি ও জর্দার কৌটা) উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার গভীর রাতে রূপদিয়া এলাকায় জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখান থেকে নয়জনকে আটক করে। এ ছাড়া বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলা থেকে আরও ছয়জনকে আটক করা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বলেন, রূপদিয়া এলাকার জামায়াতের সাথী কার্যালয়ে গোপন বৈঠক করার সময় কেন্দ্রীয় দুই নেতাসহ নয়জনকে আটক করা হয়েছে। অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে অস্ত্র ও বিস্ফোরকসহ তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।