১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা এ কে এম ইউসুফসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের খাদিজা বেগম অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খানের আদালতে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, ইউসুফ ও মিঞা আব্বাস উদ্দিনের নেতৃত্বে আসামিরা উপজেলার রায়েন্দা বাজার নতুন থানা ভবনের দোতলায় ক্যাম্প করে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে হত্যা করেন। ১৯৭১ সালের ৭ জুন সকালে বাদীর স্বামী ইসমাঈল হোসেন হাওলাদার, খুড়িয়াখালী গ্রামের আসমত মুন্সিসহ একদল মুক্তিযোদ্ধা ওই ক্যাম্পে হামলা চালালে উভয় পক্ষে গোলাগুলি হয়। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের গুলি শেষ হয়ে গেলে ইসমাঈল হোসেন ও আসমত মুন্সি আসামিদের হাতে ধরা পড়েন। পরে আসামিরা তাঁদের হত্যা করে।