জামায়াতের ক্যাডার বশরের বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় গত রোববার রাতে শিবিরের সন্ত্রাসীদের হামলায় যুবলীগের কর্মী হাসান নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী গত রোববার রাত সাড়ে ১১টার দিকে কাঞ্চনা ইউনিয়নে জামায়াতের ক্যাডার বশরের বাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেছে উপজেলা শিবির।
এদিকে উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া আদালত মাঠে এসে শেষ হয়। এ সময় আদালত মাঠে নিহত হাসানের জানাজাপূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল।
জানাজাপূর্ব সমাবেশে বক্তারা হাসান হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত দাবি করে বলেন, গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সাতকানিয়া উপজেলাকে জামায়াত-শিবির রক্তাক্ত জনপদে পরিণত করেছিল। তারই ধারাবাহিকতায় হাসানকে হত্যা করা হয়েছে। জামায়াত-শিবির মানুষ হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। হত্যাকারীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
বক্তারা পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা নিরীহ মানুষ গ্রেপ্তার করে ওপর মহলকে খুশি করবেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধী ও গডফাদারদের গ্রেপ্তার করুন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী।
জানাজা শেষে হাসানের মরদেহ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি ও হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি।
তবে সাতকানিয়া উপজেলা শিবিরের সভাপতি তৌফিক এলাহি এ হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে হাসান খুন হয়েছেন। এতে জামায়াত-শিবিরকে জড়ানো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছুই নয়। প্রকৃত দোষীদের আড়াল করার জন্য জামায়াত-সমর্থিত লোকজনের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সন্ত্রাসীরা।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভুঞা বলেন, ‘যুবলীগ কর্মী হাসান হত্যাকাণ্ডে স্থানীয় জামায়াত-শিবির ক্যাডার বশর বাহিনী জড়িত থাকতে পারে। আমরা চেষ্টা করছি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।’