জামায়াতের খুলনা মহানগর আমিরের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে পুলিশের করা মামলায় খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ারসহ আসামিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ১৯ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তার হওয়া ২৬ আসামিকে গতকাল বুধবার খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষের আইনজীবীরা এ সময় তাঁদের জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (১) তদন্ত শেষে গত সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি দ্রুত বিচার আদালতে পাঠান।পুলিশের ভাষ্যমতে, জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তির দাবিতে গত ৩০ জুন নগরের ডাকবাংলো মোড়ে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াসসহ পুলিশের চার সদস্য আহত হন। এ ঘটনায় খুলনা সদর থানার এসআই রেজাউল করিম মিয়া বাদী হয়ে গোলাম পরওয়ারসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।