জামায়াতের গঠনতন্ত্রে সংবিধান পরিপন্থী ধারা এখনো বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র থেকে সংবিধান পরিপন্থী ধারাগুলো বাদ দেবে বলে নির্বাচন কমিশনকে কয়েক দফা প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারা গঠনতন্ত্রে বহাল রেখে দলটি নিবন্ধনের শর্ত লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।নির্বাচন কমিশনের সূত্র জানায়, চলতি মাসে জামায়াতের গঠনতন্ত্র পর্যালোচনা করে কমিশন সচিবালয়ের আইন শাখা সংবিধান পরিপন্থী ধারা চিহ্নিত করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা কমিশনের বৈঠকে নথি উত্থাপনের সুপারিশ করেছে। তাতে বলা হয়েছে, এ পর্যন্ত কয়েক দফায় জামায়াতকে ডেকে এনে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে। প্রতিবারই তারা গঠনতন্ত্র থেকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দলটি তাদের মুদ্রিত গঠনতন্ত্রে আপত্তিকর ধারাগুলো বহাল রেখেছে।জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘জামায়াতসহ কয়েকটি দলের গঠনতন্ত্রে সমস্যা আছে বলে শুনেছি। তবে এ-সংক্রান্ত নথিটি এখনো কমিশনের টেবিলে উত্থাপন করা হয়নি। উত্থাপিত হলে কমিশন সিদ্ধান্ত নেবে।’নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৮টি দলের সব কটিই ২০০৮ সালে ছায়া গঠনতন্ত্র বা অননুমোদিত গঠনতন্ত্র জমা দিয়েছিল। তখন শর্ত ছিল, নির্বাচনের পর দলগুলো জাতীয় সম্মেলনে ছায়া গঠনতন্ত্র অনুমোদন করিয়ে তা কমিশনে জমা দেবে। ২০১০ সালের মধ্যে দলগুলো অনুমোদিত গঠনতন্ত্র কমিশনে জমা দেয়। কমিশন কয়েক দফায় এসব গঠনতন্ত্র পর্যালোচনা করে।জামায়াতের গঠনতন্ত্রের ২(৫) ধারায় বলা হয়, ‘আল্লাহ ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আইন আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে। কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ ব্যতীত অপর কাহারও নাই।’ আর গঠনতন্ত্রের ভূমিকার শেষ প্যারায় বলা হয়, ‘মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে ইসলামী সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল।’কমিশন থেকে বলা হয়েছিল, এই অংশটুকু সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাই ২০০৮ সালে নিবন্ধিত হতে জামায়াত যে ছায়া গঠনতন্ত্র জমা দেয়, তা থেকে ২(৫) ধারা ও ভূমিকার শেষ প্যারা বাদ দেওয়া হয়েছিল।২০০৯ সালের নভেম্বরে জামায়াত গঠনতন্ত্র পুনর্মুদ্রণ করে। তাতে উল্লিখিত ভূমিকা ও ৫(২) ধারা বহাল রাখা হয়। পরে কমিশনের আপত্তিপত্র পেয়ে ২০১০ সালের মে মাসে জামায়াত গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু সর্বশেষ চলতি বছরের মে মাসে মুদ্রিত জামায়াতের গঠনতন্ত্রে ভূমিকার শেষ প্যারার আপত্তিকর অংশটুকু ও ৫(২) ধারার মাঝখানের তিনটি লাইন বাদ দিয়ে বাকিটা বহাল রাখা হয়েছে।জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, ‘কমিশনের পরামর্শে আমরা তো কয়েক দফায় গঠনতন্ত্র সংশোধন করেছি। এর পরও যদি কোনো অসংগতি থাকে, কমিশনের নোটিশ পাওয়ার পর তা ঠিক করে দেওয়া হবে।’