জামায়াতের গ্রেপ্তার ১৮ নেতা-কর্মী রিমান্ডে
রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৮ জন নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মহানগর হাকিম সাজেদুর রহমান এই আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী এই স্কুলটির অধ্যক্ষ।
আদালত ১৮ জন আসামির মধ্যে দুজনের তিন দিন এবং অন্য ১৬ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিন করে যাঁদের রিমান্ডে দেওয়া হয়েছে তাঁরা হলেন মামলার প্রধান আসামি ফখরুদ্দিন মোহাম্মদ ওরফে কেফায়েত উল্লাহ ও মো. শাহীন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এই আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে বাড্ডা থানা-পুলিশ। আসামিদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। শুক্রবার তাঁদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
বাড্ডা থানার পুলিশ বলেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর ভবনে অবস্থিত ওই স্কুলের অধ্যক্ষ। শামসুন্নাহার নিজেও জামায়াতের মহিলা বিভাগের সাধারণ সম্পাদক।