জামায়াতের চার নেতাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে জামায়াতে ইসলামীর আমিরসহ চার শীর্ষস্থানীয় নেতাকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ২৯ জুলাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ সকালে তাঁদের হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আসামিরা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ এই নেতারা এখন অন্য মামলায় কারাগারে আটক আছেন। গতকাল সন্ধ্যায় তদন্ত সংস্থার সদস্য আবদুর রাজ্জাক বলেন, ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেন। কিন্তু অন্য মামলায় তাঁরা কারাগারে আটক থাকায় পরোয়ানা জারি করা যায়নি। আদালত তাঁদের আজ সকালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তারের বিষয়ে শুনানি হবে বলে তিনি জানান।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, আজ চারজনকে হাজির করার জন্য দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের আগের আদেশ অনুসারে গ্রেপ্তারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদনের ওপর ২ আগস্ট আদেশের দিন ধার্য করা হয়।