জামায়াতের জন্য অস্ত্রের জোগান দিচ্ছে উলফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর জন্য অস্ত্র সরবরাহ করছে ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্তে নিয়োজিত সংস্থাটির কর্মকর্তারা আগামী রবি অথবা সোমবার নাগাদ বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পত্রিকাটির খবর বলা হয়, আসামের পাটগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গৌহাটি ফ্রন্টিয়ারের সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপন করে এনআইএ। ওই বৈঠকে বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সেনাবাহিনী, আসাম পুলিশ, ইন্টেলিজেন্স ব্যুরো ও আসামের স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআইএর ওই প্রতিবেদনের একটি কপি হাতে পেয়েছে বলে দাবি করে টাইমস অব ইন্ডিয়া। ওই প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল পত্রিকাটির খবরে বলা হয়, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা জামায়াতের জন্য বাংলাদেশে অস্ত্র পাচার করছে। এ জন্য চুক্তি করতে গত ১৫ অক্টোবর বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াত ও বিএনপির কিছু নেতা এবং উলফার পক্ষ থেকে তাদের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতের নেতারা, ছোট অস্ত্র ও গোলাবারুদ কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ জন্য উলফা প্রতিনিধিদের কাছে ২০ লাখ টাকা পরিশোধ করেন।
উলফা ও জামায়াতের মধ্যে অস্ত্র কেনাবেচার খবরের বিষয়ে আসামের মুখমন্ত্রী তরুণ গগৈ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এরা সব পরস্পরের ভাইবোনের মতো। এসব সংগঠনের পার্থক্য শুধু নামে, কিন্তু তারা একে অন্যকে সহযোগিতা করে।
গতকাল টাইমস অব ইন্ডিয়ার আরেক খবরে বলা হয়, পশ্চিমবঙ্গে জঙ্গিদের তৎপরতা তদন্তকারী সংস্থা এনআইএর কর্মকর্তারা বাংলাদেশে যাবেন। এ ব্যাপারে তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় আছেন। বিষয়টি তদারক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী ৯ অথবা ১০ নভেম্বর এনআইএর কর্মকর্তারা বাংলাদেশে যেতে চান। তবে সব পদক্ষেপই নেওয়া হবে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শের ভিত্তিতে।
নীরবতা ভাঙলেন মমতা: ভারতের আইবিএন লাইভের এক খবরে গতকাল বলা হয়, বর্ধমান বিস্ফোরণের ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বর্ধমান বিস্ফোরণের ঘটনাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক রাজনীতির খেলা খেলছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি ‘বাংলাদেশি অভিবাসীদের’ তাড়িয়ে দিতে চাইছে। কিন্তু সেটা তাদের করতে দেওয়া হবে না।