জামায়াতের জেলা আমিরসহ তিন নেতা আটক, বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমিরসহ দুজন এবং ফেনী জেলা জামায়াতের এক নেতা আটক হয়েছেন। পৃথক ঘটনায় গত শুক্র ও গতকাল শনিবার ঢাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, হাতবোমা, বিস্ফোরক, লিফলেট এবং সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে আটকের প্রতিবাদে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করা হলে র‌্যাব-পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পৌর জামায়াতের সহকারী সেক্রেটারিসহ সাতজনকে আটক করা হয়েছে।র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির ও ফুলকুঁড়ি ইসলামি একাডেমির অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ দুজনকে গতকাল শনিবার ঢাকার উত্তরা এলাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে। অন্যজন হলেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজের শিক্ষক মো. আবদুল লতিফ। গতকাল বেলা তিনটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসা থেকে এই দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি, ১০টি হাতবোমা এবং বিপুলসংখ্যক লিফলেট ও সাংগঠনিক বই উদ্ধার করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, অধ্যক্ষ নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। র‌্যাব-৫-এর কর্মকর্তা মেজর শাহেদ ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি গাবতলা মোড় এলাকায় পৌঁছালে র‌্যাব ও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুকসহ সাত নেতা-কর্মীকে আটক করা হয়।নিজস্ব প্রতিবেদক, ফেনী জানান, ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু বকর ছিদ্দিককে গত শুক্রবার রাতে ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আটক করেন র‌্যাব সদস্যরা। এ সময় তাঁর কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আবু বকরের বিরুদ্ধে ফেনীতে শহীদ মিনারে হামলা-ভাঙচুর, গাড়ি ভাঙচুরসহ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় আত্মগোপন করেন।তবে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম সামছুদ্দিন জানান, ফেনীতে দুটি মামলায় আবু বকর জামিনে রয়েছেন।র‌্যাব সদর দপ্তরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় আবু বকরের কাছ থেকে ১০টি হাতবোমা ছাড়াও বিপুলসংখ্যক সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।