জামায়াতের জেলা আমিরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং দলের নেতা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জেলার একটি আদালত। ২০১৩ সালের ৩ জানুয়ারি বগুড়ায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে তাণ্ডব-সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক এমদাদুল হক এই আদেশ দেন।

বাকি পাঁচজন হলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাজেদুর রহমান ওরফে জুয়েল, বগুড়া পৌরসভার সাবেক কমিশনার ও জামায়াত নেতা এরশাদুল বারী এবং জামায়াত কর্মী সারোয়ার হোসেন, আবদুল হাকিম ও মো. আবদুল কাইয়ুম।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে চাঁদে সাঈদীকে দেখার গুজব ছড়িয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরের সাতমাথায় পুলিশ ও র‍্যাবের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ কয়েক শ রাউন্ড গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সদর থানার সহকারী উপপরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত সূত্র জানায়, এত দিন জামিনে থাকলেও আজ মঙ্গলবার আসামিদের পক্ষে সংশ্লিষ্ট আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত ওই আবেদন খারিজ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।