জামায়াতের তাণ্ডবে জনগণের সম্পৃক্ততা নেই: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত-শিবির উগ্রবাদীরা সারা দেশে সশস্ত্র তাণ্ডব চালিয়েছে। এটা মোকাবিলা করতে কিছু প্রাণহানি ঘটেছে। এটা দুঃখজনক। গণতন্ত্রকে রক্ষায় প্রশাসনিক ও রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষিমেলা উদ্বোধনের আগে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। দেশের জনগণ যুদ্ধাপরাধীদের রায়ের পক্ষে। মির্জা ফখরুল ইসলামের বক্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবী কাঁপানো একাত্তরের মহাযুদ্ধকে তাঁরা স্বীকার করেন না। বিংশ শতাব্দীর জঘন্যতম হত্যাকে তাঁরা খাটো করলেন। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তাঁরা প্রমাণ করলেন, দেশের স্বাধীনতার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রশাসন শক্ত হাতে জামায়াত-শিবিরের তাণ্ডব দমন করবে। তারা দুই দিন সমস্যা সৃষ্টি করতে পারে, তিন দিনের দিন তারা কারাগারেই থাকবে।