জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রহসনের বিচার করে সাঈদীসহ জামায়াতের নেতাদের দ্রুত শাস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। এর প্রতিবাদে দলটি আজ রোববার সব বিভাগীয় শহরে এবং ১২ ও ১৩ সেপ্টেম্বর জেলা ও উপজেলা শহরে প্রতিবাদ সমাবেশ পালন করবে।গতকাল শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।কারাবন্দী জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি করেছেন। ১৩ সেপ্টেম্বর থেকে সাঈদীর পক্ষের আইনজীবীদের শুনানি শুরু হবে।এ টি এম আজহার দাবি করেন, একাত্তরে সাঈদী কোনো যুদ্ধাপরাধ করেননি। ওই সময়ে তিনি কোনো দলের সঙ্গেও জড়িত ছিলেন না। আজহার বলেন, ১৯৭৩ সালের যে আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে, সেটি কালো আইন। এই আইনে ন্যায়বিচার পাওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পক্ষপাতদুষ্ট। তিনি ১৯৯২ সালে গণ-আদালতের সঙ্গে যুক্ত ছিলেন। অন্য বিচারপতিরা ‘আচরণবিধি’ মানছেন না। আজহার বলেন, ট্রাইব্যুনালের তদন্ত দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তদন্ত কমিটি সাক্ষ্য-প্রমাণ ট্রাইব্যুনালে জমা দেওয়ার আগে বিভিন্ন এলাকায় গিয়ে গণমাধ্যমে জামায়াতের নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, তাসনীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।