জামায়াতের তিন নেতা অভিযুক্ত, ৯ মে শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর তিন নেতাকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৯ মে থেকে এ বিষয়ে শুনানি শুরু হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন। জামায়াতের অভিযুক্ত তিন নেতা হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, এই তিনজনের মধ্যে সেলিম উদ্দিন গ্রেপ্তার আছেন। তবে আদালত অবমাননার বিষয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তা ট্রাইব্যুনালের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই সেলিম উদ্দিন ও অন্য দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো। ৯ মে থেকে এ বিষয়ে শুনানি হবে।আদালত অবমাননার অভিযোগে জামায়াতের এই তিন নেতাকে ট্রাইব্যুনালে হাজির হতে তিন দফা সময় দেওয়া হয়েছিল। সর্বশেষ গত ৬ মার্চ তাঁরা হাজির না হলে ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ২১ মার্চের মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে আইনশৃঙ্খলা বাহিনী সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ১০ মার্চ ট্রাইব্যুনালে হাজির করলে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন। ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের বিষয়ে তিনি ওই দিন আইনজীবীর মাধ্যমে তাঁর লিখিত বক্তব্য জমা দেন। ট্রাইব্যুনালে পুলিশের দাখিল করা প্রতিবেদন অনুসারে অন্য দুজন পলাতক।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন ট্রাইব্যুনাল। পত্রিকায় প্রকাশিত এসব বক্তব্য আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ দেন ট্রাইব্যুনাল।