একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এবার জামায়াতে ইসলামীর তিন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সাবেক নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির জাফর সাদেক।
জামায়াতের স্থানীয় পর্যায়ের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম-১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শামসুল ইসলামের সঙ্গে দ্বন্দ্বের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন শাহজাহান চৌধুরী। দুজনই একই আসনে প্রার্থিতার ব্যাপারে অনড় থাকায় দলের সিদ্ধান্তে পরে ফরম সংগ্রহ করেছেন জাফর সাদেক।
তবে জামায়াতের নেতারা দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করলেও শাহজাহান চৌধুরী সাতকানিয়া আসনে কেন মনোনয়ন ফরম নিলেন বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত। জামায়াত নেতারা বলেন, আ ন ম শামসুল ইসলামকে চট্টগ্রাম-১৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর শাহজাহান চৌধুরী নির্বাচন করবেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে। কোনো কারণে আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচন করতে না পারলে বিকল্প প্রার্থী হিসেবে জাফর সাদেক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শামসুল ইসলাম ও শাহজাহান চৌধুরী দুজনই বর্তমানে চট্টগ্রাম কারাগারে। শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে নির্বাচিত হন শামসুল ইসলাম। দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রথম আলোকে বলেন, সাতকানিয়া-লোহাগাড়া শাহজাহান চৌধুরীর ঘাঁটি। এই আসনে তাঁর অবদান সবচেয়ে বেশি। তাই এই আসনে শাহজাহান চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়া দরকার ছিল। দল শামসুল ইসলামকে প্রার্থী ঘোষণা করায় স্বতন্ত্র হিসেবে তিনি নির্বাচন করবেন।
এ বিষয়ে জানার জন্য জাফর সাদেকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির আবুল ফয়েজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শামসুল ইসলাম দলীয় সিদ্ধান্তে মনোনয়ন ফরম নিয়েছেন। শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১০ আসনের পাশাপাশি চট্টগ্রাম-১৫ আসনে কেন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বুঝতে পারছি না।’