জামায়াতের তিন নেতা হাজির হননি, সর্বশেষ দিন ৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে জামায়াতে ইসলামীর তিন নেতা তৃতীয় দফায় ধার্য সময় গতকাল রোববারও ট্রাইব্যুনালে হাজির হননি। পরে তাঁদের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাজির হওয়ার জন্য ৬ মার্চ সর্বশেষ দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল এই দিন ধার্য করেন।জামায়াতের এই তিন নেতা হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের কারণে গত ৭ ফেব্রুয়ারি এক আদেশে ২০ ফেব্রুয়ারির মধ্যে জামায়াতের এই তিন নেতাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। সেদিন হাজির না হয়ে তাঁরা সময়ের আবেদন করলে হাজিরের জন্য ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। সেদিনও তাঁরা হাজির হননি। তাঁদের আইনজীবীর আবারও সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাজিরের জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিনও তাঁরা হাজির না হলে দিন ধার্য করা হয় গতকাল। গতকাল তাঁদের আইনজীবী মো. আবদুল হান্নান সময়ের আবেদন জানিয়ে ট্রাইব্যুনালে বলেন, হরতালের কারণে তাঁরা হাজির হতে পারেননি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ও তুরিন আফরোজ এই আবেদনের বিরোধিতা করে ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।পরে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আবদুল হান্নানকে বলেন, ৬ মার্চ সর্বশেষ সময় দেওয়া হচ্ছে। এর পর যদি তাঁরা হাজির না হন, তাহলে তাঁদের আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পত্রিকার প্রতিবেদন অনুসারে গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন ট্রাইব্যুনাল। ৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে ওই তিনজনকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন।