আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী
জামায়াতের তিন নেতাকে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার দেখানো হতে পারে
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে যেকোনো সময় যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার দেখানো হতে পারে।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, আইনের ফাঁকফোকর বন্ধ করেই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের কাজে এগিয়ে যাচ্ছে। তবে তদন্তকাজে কিছুটা সময় লাগলেও চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলতি বছরের মধ্যেই শেষ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে আইন প্রতিমন্ত্রী বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মদদদাতাদের এ দেশে কোনো অবস্থায়ই রাজনীতি করতে দেওয়া যাবে না। এদের রাজনীতি নির্মূল করতেই হবে। তিনি আরও বলেন, যাদের চর হিসেবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, আজ তাদের রক্ষা করতেই খালেদা জিয়া মরিয়া হয়ে উঠেছেন। তিনি ঘাতকের পক্ষে কথা বলছেন। জিয়ার অসমাপ্ত কাজ শেষ করতেই মাঠে নেমেছেন তিনি।বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা এম এ করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।