জামায়াতের তিন নেতার বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলাসংক্রান্ত নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন মামলাটি বিচারিক আদালতে পাঠানোর জন্য এ আদেশ দেন। গতকাল কারাগার থেকে মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়। সূত্র জানায়, আসামিপক্ষে মামলা খারিজের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। গত বছরের ২১ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মতিউর রহমান নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন। গত বছরের ২৯ জুন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। কিন্তু নিজামীসহ চারজন আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের নির্দেশে বর্তমানে তাঁরা কারাগারে আটক আছেন। অপর আসামি ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান অন্য মামলায় কারাগারে আটক আছেন। তাঁকে গতকাল হাজির করা হয়নি। মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন, যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে। যা পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই সভায় মতিউর রহমানসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন।