জামায়াতের তৎপরতা নিষিদ্ধ করার দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা জামায়াতে ইসলামীর তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, এই দলটি একাত্তরের ঘাতক দল। নাশকতা ও তাণ্ডব চালিয়ে তারা পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে আবার মাঠে নেমেছে। দেশব্যাপী সভা-সমাবেশ ও মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সিপিবির নেতারা এসব কথা বলেন। পার্টির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা প্রমুখ। সিপিবির নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পর বাহাত্তরের সংবিধানের ৩৮ ধারা অনুসারে জামায়াতের মতো দল অবৈধ। সুপ্রিম কোর্টে পঞ্চম সংশোধনী সম্পর্কে চূড়ান্ত রায়ের পর আইনমন্ত্রী বলেছিলেন, এখন থেকে জামায়াত অবৈধ দল। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জামায়াতকে বৈধতা দেওয়া হয়েছে। এরই প্রতিদান হিসেবে জামায়াত ১৯ সেপ্টেম্বর তাণ্ডব চালিয়েছে। জাতিকে এ জন্য বড় খেসারত দিতে হয়েছে। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পেট্রল, ডিজেল, গ্যাসসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সংকট তীব্র হয়ে উঠবে। বিজ্ঞপ্তি।