জামায়াতের দাপট দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি উপজেলা নির্বাচনে জিতে দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে জামায়াতে ইসলামী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
পাঁচ বছর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ১৪টির মধ্যে কোনো উপজেলায় জিততে পারেনি। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছয়টিতে জিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি ও এলডিপি। বিএনপির দুটি এবং এলডিপির একটি উপজেলা হাতছাড়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের ১৪টির মধ্যে চার ধাপে ১৩টি উপজেলার নির্বাচন শেষ হয়েছে। বাকি আছে কেবল সন্দ্বীপ উপজেলা। আগামী ৩১ মার্চ সন্দ্বীপ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০০৯ সালে এই উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জিতেছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ১৩টির মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায় জিতেছেন। বিএনপি-সমর্থিত প্রার্থীরা জিতেছেন মিরসরাই, হাটহাজারী ও পটিয়ায়। জামায়াত জিতেছে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায়। কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপির প্রার্থী কেবল চন্দনাইশ উপজেলায় জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে সাতকানিয়া, মিরসরাই ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের হাতছাড়া হয়। মিরসরাই ও হাটহাজারীতে বিএনপি এবং সাতকানিয়া জামায়াতের দখলে যায়। আওয়ামী লীগ অবশ্য বিএনপি থেকে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা উদ্ধার করে। রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ছাড়াও বিএনপির এবার বাঁশখালী উপজেলা হাতছাড়া হয়েছে। ভোটযুদ্ধে বিএনপি থেকে আওয়ামী লীগ দুটি এবং জামায়াত বাঁশখালী উপজেলা দখলে নেয়। ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে লোহাগাড়ায় এলডিপি প্রার্থী জিতেছিলেন। সেখানেও জামায়াত-সমর্থিত প্রার্থী এবার জেতেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার চট্টগ্রামে নির্বাচনী ফলাফলে সন্তুষ্ট নন। তাঁর দাবি, সরকার জালিয়াতি করে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে। জালিয়াতির পরিকল্পনায় জামায়াতের এলাকাকে বাদ রাখা হয়েছে বলে তাঁর ধারণা।
গোলাম আকবর খোন্দকার এ প্রসঙ্গে বলেন, চট্টগ্রামের সব কটি উপজেলার বিজয় ছিনিয়ে নিলে প্রশ্ন উঠতে পারে। তাই সরকার জামায়াতের সমর্থন আছে এমন তিনটি উপজেলাকে বাদ রেখে বাকিগুলোতে ভোট ডাকাতি করে বিএনপির বিজয় ছিনিয়ে নেয়।
জালিয়াতির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম উত্তর জেলার সাতটির মধ্যে আওয়ামী লীগ ২০০৯ সালে ছয়টিতে জয়ী হয়। এবার জিতেছে চারটিতে। তাহলে জালিয়াতির প্রশ্ন কেন?
এম এ সালাম আরও বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামেও আমাদের একটি হাতছাড়া হয়। আরেকটি উদ্ধার করি আমরা। আসলে আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা কাঙ্ক্ষিত ফলাফল ঘরে তুলতে পারিনি।’
এবারের নির্বাচনে কার্যত জামায়াতই লাভবান হয়েছে বলে রাজনৈতিক নেতাদের অভিমত। পাঁচ বছর আগে জামায়াত একটিতেও জিততে পারেনি। এবার সংগঠনটি সাতকানিয়ায় ও লোহাগাড়া ছাড়াও বাঁশখালীতে নতুনভাবে আবির্ভূত হয়েছে। বাঁশখালী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবারের নির্বাচনে খুব কম ভোট পেয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী বাঁশখালীতে তৃতীয় হন। বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত প্রার্থী হন চতুর্থ। এই উপজেলায় জামায়াত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ১৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারান। সাফল্যের কারণ জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে বলেন, ‘এই সরকার আমাদের ওপর অমানবিক জুলুম-নির্যাতন চালাচ্ছে। জনগণের কাছে গিয়ে আমাদের লোকজন সরকারের বিরুদ্ধে নানা চিত্র তুলে ধরতে সক্ষম হয়, যে কারণে তিনটি উপজেলার জনগণ আমাদের প্রার্থীর পক্ষে অভাবনীয় সমর্থন দেয়।’
সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে জামায়াত বিপুল অঙ্কের টাকা ছিটিয়েছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ। মহিলাদের মধ্যে বোরকাও বিতরণের অভিযোগ রয়েছে। লোহাগাড়া উপজেলার এলডিপি-সমর্থিত পরাজিত প্রার্থী জিয়াউল হক চৌধুরী এই অভিযোগটি তুলেছিলেন। দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ইসহাক অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেন। তাঁর দাবি, জামায়াতে ইসলামী আর্থিক সংকটে ভুগছে। নেতাকর্মীরা চাঁদা তুলে নির্বাচনী খরচের জোগান দেয়।